ডি মারিয়ার জাদুতে শীর্ষে উঠল রোজারিও সেন্ট্রাল

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১১:৩১ এএম

ঘরের মাঠ গিগাান্তে দে আরোয়িতো স্টেডিয়ামে শনিবার রাতে ব্যানফিল্ডের বিপক্ষে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে রোজারিও সেন্ট্রাল। এক গোল পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয়ে গ্রুপ ‘বি’-র পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে তারা। ম্যাচে রোজারিওর জয়ের নেপথ্য কারিগর ছিলেন দলের অভিজ্ঞ মহাতারকা আনহেল ডি মারিয়া।

ম্যাচের শুরু থেকেই রোজারিও আক্রমণাত্মক ফুটবল খেললেও ৩৫ মিনিটে ধারার বিপরীতে গোল করে বসেন ব্যানফিল্ডের মাউরো মেন্দেজ। ইগনাসিও আব্রাহামের ক্রস থেকে নিখুঁত ছোঁয়ায় বল জালে জড়ান তিনি। প্রথমার্ধ ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই শেষ করে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়াতে ডি মারিয়াকে মাঠে নামান কোচ হোর্হে আলমিরন। মাঠে নামার পর অধিনায়কের আর্মব্যান্ড হাতে নিয়েই খেলার চিত্র বদলে দেন এই বিশ্বকাপজয়ী তারকা। ১৮ মিনিটে ডি মারিয়ার একটি লম্বা পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন সান্তিয়াগো লোপেজ গার্সিয়া। এতে ১-১ সমতায় ফেরে রোজারিও।

ম্যাচের শেষ দিকে ডি মারিয়ার একটি মাপা ক্রস থেকে হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন কলম্বিয়ান মিডফিল্ডার জামিন্টন কাম্পাজ। এই জয়ে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-র শীর্ষে উঠে এলো রোজারিও সেন্ট্রাল। ৫ জয়, ৩ ড্র এবং ২ হার নিয়ে তারা এখন প্লে-অফ দৌড়ে সুবিধাজনক অবস্থানে। অন্যদিকে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে থাকা ব্যানফিল্ডের জন্য প্লে-অফের পথ আরও কঠিন হয়ে পড়ল।

দিনের অন্য ম্যাচে ভেলেজ সার্সফিল্ড ২-০ গোলে প্লাতেন্সেকে হারিয়ে গ্রুপ ‘এ’-র শীর্ষস্থান মজবুত করেছে। বর্তমানে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে গুইলারমো বারোস স্কেলোত্তোর শিষ্যরা। রোজারিও সেন্ট্রাল তাদের পরবর্তী ম্যাচে আগামী রবিবার ইনডিপেনডিয়েন্ট রিভাদাভিয়ার মুখোমুখি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত