হরমুজে যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে সাড়া নেই কারো

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৪ পিএম

মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার প্রেক্ষিতে সেখানে টহল জোরদার করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চীন, ফ্রান্স, জাপান ও যুক্তরাজ্যের মতো দেশগুলো এখন পর্যন্ত এই আহ্বানে প্রকাশ্যে সাড়া দেয়নি।

সম্প্রতি ইরান কার্যত এই প্রণালি অবরুদ্ধ করে দিলে তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপদ চলাচল নিয়ে শঙ্কা দেখা দেয়। এর প্রেক্ষিতে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যকে নিজ নিজ যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর অনুযায়ী, ট্রাম্পের এই অনুরোধে এখন পর্যন্ত সাড়া দেয়নি কোনো দেশ।

এ বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র মার্কিন গণমাধ্যমকে জানান, এই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে মিত্র ও অংশীদার দেশগুলোর সঙ্গে বিভিন্ন সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করছে যুক্তরাজ্য।

চীনের অবস্থানও স্পষ্ট হয়েছে। চীনা দূতাবাসের কর্মকর্তারা মার্কিন গণমাধ্যমকে জানান, বেইজিং এই অঞ্চলে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে স্থিতিশীল ও নির্বিঘ্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সব পক্ষের দায়িত্ব বলেও মন্তব্য করেন তারা।

এদিকে জাপানের অবস্থান আরও কঠোর। জাপানের কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ট্রাম্পের আহ্বানে তারা কোনো জাহাজ পাঠাচ্ছে না। তাদের ভাষ্য, নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রতিক্রিয়া জানায় জাপান এবং এ ক্ষেত্রে স্বাধীন বিবেচনাই মূল বিষয়।

ফ্রান্সও সাফ জানিয়ে দিয়েছে, তারা কোনো জাহাজ পাঠাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে উল্লেখ করেছে, ফরাসি বিমানবাহী রণতরী ও তার বহর পূর্ব ভূমধ্যসাগরেই অবস্থান করছে।

তবে ট্রাম্পের আহ্বানকে একেবারে নাকচ করে দিচ্ছে না দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে আজ রবিবার (১৫ মার্চ) জানানো হয়েছে, ট্রাম্পের এই আহ্বান তারা সতর্কভাবে পর্যালোচনা করবে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত