পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তানজিদ হাসান তামিম। সিরিজের প্রথম ম্যাচে ফিফটির পর শেষ ওয়ানডেতে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে যৌথভাবে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন এই তরুণ তুর্কি। তবে এই একটি সেঞ্চুরিতেই থেমে থাকতে চান না তিনি; লক্ষ্যটা বেঁধেছেন অনেক উঁচুতে।
মিরপুরে সিরিজের শেষ ম্যাচে ৭টি ছক্কার ঝড় তুলে ১০৭ রানের ইনিংস খেলেন তামিম। আন্তর্জাতিক ক্যারিয়ারের ৩১তম ওয়ানডেতে এটিই তার প্রথম তিন অঙ্কের ম্যাজিক ফিগার। তানজিদ তামিমের এই সাফল্যে উচ্ছ্বসিত সাবেক জাতীয় নির্বাচক হান্নান সরকার। বয়সভিত্তিক দল থেকে তামিমকে খুব কাছ থেকে দেখা হান্নান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন—"ওয়ানডেতে তামিমের একটা সেঞ্চুরি দেখার অপেক্ষায়”— প্রথম ম্যাচ শেষে লিখেছিলাম। সেই মুহূর্তটা অবশেষে এসেই গেল! প্রথম সেঞ্চুরি সবসময়ই স্পেশাল। আশা করি, ওয়ানডেতে তামিমের নামের পাশে অন্তত ২০টা সেঞ্চুরি দেখব। আমার বিশ্বাস, ওর পক্ষে আমার এই চাওয়াটাও পূরণ করা খুব ভালোভাবেই সম্ভব। ইনশাআল্লাহ।”
সংবাদ সম্মেলনে হান্নান সরকারের এই ইচ্ছার কথা তামিমকে জানানো হলে তিনি ইতিবাচক সাড়া দেন। আত্মবিশ্বাসী তামিম বলেন— “ইনশাআল্লাহ চেষ্টা করব (২০টি সেঞ্চুরি করার)। হয়তোবা এর থেকেও বেশি হতে পারে। তো স্বপ্ন দেখতে তো কোন সমস্যা নাই, তো অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ।”
ক্যারিয়ার শেষে নিজের নামের পাশে কতগুলো ভালো ইনিংস দেখতে চান— এমন প্রশ্নের জবাবে ২৫ বছর বয়সী এই ওপেনার বেশ পেশাদারিত্বের পরিচয় দেন। সুদূরপ্রসারী চিন্তা না করে তিনি বর্তমানে মনোনিবেশ করতে চান।
নিজের ব্যাটিং দর্শন নিয়ে তামিম বলেন, "আসলে দেখেন আমি এত দূরে তাকাতে চাই না। আমি সব সময় বর্তমানে থাকতে পছন্দ করি। আজকে যেটা হয়েছে, এটা কিন্তু অতীত হয়ে গেছে। সামনে যে সিরিজটা আসবে চেষ্টা করব প্রত্যেক সিরিজের প্রত্যেক ম্যাচে ভালো কিছু অবদান রাখার।”
ব্যাটসম্যান হিসেবে প্রতিটি ম্যাচেই বড় ইনিংস খেলার ইচ্ছার কথা জানিয়ে তিনি আরও যোগ করেন—
“আপনি যেটা বললেন সেঞ্চুরির কথা, প্রত্যেক ম্যাচে চেষ্টা থাকবে সেঞ্চুরি করা— এটা তো সব ব্যাটারেরই থাকে যে প্রত্যেক ম্যাচে ভালো করবে, টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করবে। তো আমার চেষ্টা থাকবে প্রত্যেক ম্যাচে কীভাবে দলের জন্য ভালো কিছু অবদান রাখতে পারি।”
পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস জুগিয়েছে, আর সেই জয়ের অন্যতম কাণ্ডারি তানজিদ হাসান তামিম এখন নিজেকে নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়।
