'খেলায় না জিতলে কি এখন আইসিসি ট্রফি চুরি করবেন?', মহসিন নাকভীকে তোপ

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৪:২৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর এবার বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হেরে এক নতুন লজ্জার সম্মুখীন হয়েছে পাকিস্তান। রবিবার সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ১১ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে বাবর-শাহীনদের দল। পাকিস্তানের ক্রিকেটের এই ‘ক্লিনিকাল ডেথ’ দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সাবেক তারকা ক্রিকেটার ও নির্বাচক কামরান আকমল। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মোহসিন নাকভিকে এক হাত নিয়েছেন এক হাত।

‎ম্যাচ পরবর্তী এক আলোচনায় মহসিন নাকভিকে উদ্দেশ্য করে আকমল রীতিমতো বিদ্রুপের সুরে বলেন, 'আপনারা যদি মাঠে প্রতিপক্ষকে হারাতে না পারেন, তবে কি এখন আইসিসি ট্রফিগুলো চুরি করে বাড়িতে নিয়ে আসবেন?”

‎আকমলের এই মন্তব্যের নেপথ্যে রয়েছে একটি বিতর্কিত ঘটনা। ২০২৫ সালের এশিয়া কাপ জয়ের পর ভারত ট্রফি নিতে অস্বীকৃতি জানালে নাকভি সেটি নিজের অফিসে রেখে দিয়েছিলেন বলে গুঞ্জন রয়েছে। সেই প্রসঙ্গের রেশ টেনেই আকমল এই কড়া মন্তব্য করেন।

‎পাকিস্তানের বর্তমান দশায় হতাশ আকমল আরও যোগ করেন, "আমাদের অবস্থা এখন এমন হয়েছে যে, নেদারল্যান্ডসও এখন আমাদের সাথে সিরিজ খেলতে চাইবে। তারা ভাববে পাকিস্তানকে হারাতে পারলেই হয়তো তারা টেস্ট মর্যাদা পেয়ে যাবে। পাকিস্তান ক্রিকেটের বর্তমান চিত্র এটাই।”

‎তিনি আরও জানান, বাংলাদেশ চাইলে এই ম্যাচে ৩৫০ রান তুলতে পারত, লিটন দাস ধীরগতিতে না খেললে হারের ব্যবধান আরও বড় হতো।

 ‎
‎রবিবার মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে (১০৭ রান) ভর করে ৫ উইকেটে ২৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় টাইগাররা।

‎ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ১৭ রানে ৩ উইকেট হারানোর পর মিডল অর্ডারে সালমান আলী আগা একাই লড়াই চালিয়ে যান। ৮৯ বলে ১০৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেও ৪৮তম ওভারে তিনি আউট হয়ে গেলে পাকিস্তানের জয়ের আশা নিভে যায়। শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার হলেও রিশাদ হোসেনের বলে শাহীন শাহ আফ্রিদি স্টাম্পিং হলে ২৭৯ রানে অলআউট হয় পাকিস্তান।


×
সর্বশেষ সর্বাধিক পঠিত