ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক ওবায়দুল ইসলাম

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৫:৪২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি সর্বশেষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন।

আজ সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন  শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি পদে রয়েছেন। এ ছাড়াও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সাবেক আহ্বায়ক।

ঢাবি উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর কাছে আবেদনপত্র জমা দেন নিয়াজ আহমদ খান।

ওই দিন ঢাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিয়াজ আহমদ খান আজ সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তার মূল পদে (উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক) ফেরার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন। ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আজ নিয়াজ আহমদ খান আবেদনপত্র জমা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আগস্টের শেষের দিকে নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের দায়িত্ব নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত