'আসল সার্জারি তো পাকিস্তানের নির্বাচকদের করা দরকার'

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর এবার ওয়ানডে ফরম্যাটেও লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হলো পাকিস্তান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে শাহীন আফ্রিদির নেতৃত্বাধীন দলটি। এই হারের পর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি নির্বাচক প্যানেলকে এক হাত নিয়েছেন। তাঁর মতে, অযোগ্য ও অনভিজ্ঞ খেলোয়াড়দের বারবার সুযোগ দিয়ে জাতীয় দলের ক্যাপকে সহজলভ্য করে ফেলা হয়েছে।

সিরিজ হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় শহীদ আফ্রিদি তাঁর ক্ষোভ ঝাড়েন। নির্বাচকদের দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, 'বিশ্বকাপের পারফরম্যান্স আপনারা দেখেছেন। এরপর বাংলাদেশের বিপক্ষে আমরা ২–১ ব্যবধানে সিরিজ হেরেছি। আমার মতে, নির্বাচক কমিটি নিয়েই আফসোস করা উচিত। এর পেছনে কারণও আছে। নির্বাচক কমিটিতে যারা আছেন তারা অনেক ক্রিকেট খেলেছেন, কিন্তু কার কোন ফরম্যাটে অধিনায়ক হওয়া উচিত, সেই ধারণা আপনাদের নেই। আপনারা না ভেবেই সিদ্ধান্ত নিয়ে নেন। সার্জারির নামে অল্প কিছু প্রথম শ্রেণীর ম্যাচ খেলা নতুন খেলোয়াড়দের দলে ঢুকিয়ে দেন।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি ‘সার্জারি’ বা বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়ে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বাদ দিয়েছে। আফ্রিদির দাবি, টি-টোয়েন্টি ফর্মুলা ওয়ানডেতে প্রয়োগ করতে গিয়ে বাবর আজমের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সরিয়ে অনভিজ্ঞদের আনা হয়েছে। তিনি আরও বলেন, “আপনারা ঘরোয়া ক্রিকেটে মাত্র দুই-চারটি ম্যাচ খেলা তরুণদের হাতে জাতীয় দলের ক্যাপ তুলে দিচ্ছেন। আমাদের ঘরোয়া ক্রিকেটের মান এখনো আন্তর্জাতিক পর্যায়ে সরাসরি পারফর্ম করার মতো তৈরি হয়নি। অভিজ্ঞদের সরিয়ে এই তথাকথিত ‘সার্জারি’ দলের ভারসাম্য নষ্ট করছে। আসল সার্জারি হওয়া উচিত নির্বাচক কমিটির ওপর।”

এই সিরিজে মাআজ সাদাকাত, গাজী ঘরি এবং আব্দুল সামাদের মতো নতুনদের সুযোগ দেওয়া হলেও তারা ধারাবাহিকতা দেখাতে পারেননি। আফ্রিদির মতে, অভিজ্ঞ খেলোয়াড়দের ওয়ানডে রেকর্ড ভালো থাকা সত্ত্বেও শুধু টি-টোয়েন্টি পারফরম্যান্স বিবেচনায় তাদের বসিয়ে রাখাটা ছিল আত্মঘাতী সিদ্ধান্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত