মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘খুবই লেনদেননির্ভর’ প্রেসিডেন্ট হিসেবে মন্তব্য করে যুক্তরাজ্যের সিনিয়র মন্ত্রী বলেছেন, ইরান ইস্যুতে ট্রাম্পের দফায় দফায় দাবিগুলোকে সেই প্রেক্ষাপট থেকেই দেখতে হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভার সবচেয়ে জ্যেষ্ঠ এই সদস্য এই মন্তব্য করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি অনুরোধ মেনে নিতে বাধ্য নয় লন্ডন।
যুক্তরাজ্যের শ্রম ও অবসরবিষয়ন মন্ত্রী প্যাট ম্যাকফাডেন ট্রাম্পের সাম্প্রতিক হুমকি প্রসঙ্গে এই মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাধীনতা নিশ্চিত করতে যৌথ উদ্যোগে অংশ নিতে অস্বীকৃতি জানানো মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।
ম্যাকফাডেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ‘বাগাড়ম্বর’ থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলাদা করে দেখা জরুরি। ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধে যুক্তরাজ্য ততটা আগ্রহী নয় বলে সমালোচনা করার পর এই মন্তব্য করলেন তিনি।
মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে লন্ডনের এই মূল্যায়নকে অনেকটা অস্বাভাবিক ও অসংকোচ প্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্টের নীতির প্রতি পূর্ণ সমর্থন না জানিয়ে বরং সমালোচনামূলক এই অবস্থান নেওয়ায় দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
