মেসির জন্য বার্সেলোনার দরজা সবসময় খোলা: হুয়ান লাপোর্তা

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৯ পিএম

বার্সেলোনা ক্লাবের সর্বকালের সেরা লিওনেল মেসি কি তবে আবারও ফিরছেন ন্যু ক্যাম্পে? বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সাম্প্রতিক বক্তব্যে নতুন করে সেই আশার আলো দেখছেন ভক্তরা। নবনির্বাচিত এই প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, আর্জেন্টিনার সুপারস্টারের বার্সেলোনার দরজা সবসময় খোলা।

গত রবিবার বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়ে ২০৩১ সাল পর্যন্ত দায়িত্বভার গ্রহণ করেছেন লাপোর্তা। মোট ৪৮,৪৮০ জন সদস্যের ভোটের মধ্যে ৬৮.১ শতাংশ ভোট পেয়ে তিনি তার প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টকে পরাজিত করেন। জয়ের পরপরই মেসির প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে এই মন্তব্য করেন তিনি।

লাপোর্তা তার বক্তব্যে মেসির অবদানের কথা স্মরণ করে বলেন, বার্সেলোনার আঙিনায় মেসিকে যথাযথ সম্মান দেওয়া হবে, 'লিও যেভাবে চাইবেন, সেভাবেই বার্সেলোনার সঙ্গে যুক্ত থাকতে পারবেন। তিনি একটি বিশেষ সম্মানসূচক ম্যাচের দাবিদার। স্টেডিয়ামে কেবল লাদিসলাও কুবালা এবং ইয়োহান ক্রুইফের মূর্তি রয়েছে; সেখানে মেসির মূর্তিও থাকাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে।” তিনি আরও যোগ করেন, “বার্সার দরজা তার জন্য সবসময় খোলা, যাতে তিনি এই প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ও মহিমান্বিত করতে পারেন।”

২০২১ সালে লাপোর্তার আমলেই আর্থিক সীমাবদ্ধতার কারণে মেসিকে পিএসজিতে পাড়ি জমাতে হয়েছিল। এমনকি ২০২৩ সালে মেসির ফেরার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। তবে ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন বর্তমানে ইন্টার মায়ামিতে দুর্দান্ত ফর্মে আছেন। সেখানে ২০২৫ সালে এমএলএস কাপ জেতানোর পাশাপাশি টানা দুবার লিগ এমভিপি হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

মেসি নিজেও বারবার বার্সেলোনায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। গত নভেম্বরে সংস্কারকৃত ন্যু ক্যাম্প পরিদর্শনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্টে তিনি লিখেছিলেন: “আমি এমন এক জায়গায় ফিরেছি যা আমি মন থেকে মিস করি। আশা করি একদিন ফিরতে পারব, শুধু খেলোয়াড় হিসেবে বিদায় নিতে নয়, বরং অন্য কোনো ভূমিকাতেও।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত