৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল কিউবা 

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১২:০০ পিএম

কিউবার দক্ষিণ-পূর্ব উপকূলে ৫ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কিউবার পূর্ব প্রান্তের মাইসি মিউনিসিপালিটি থেকে প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ দশমিক ৬ কিলোমিটার।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এই ভূমিকম্পের খবর প্রথম নিশ্চিত করে এবং পরবর্তীতে ৪ দশমিক ৭ মাত্রা পর্যন্ত বেশ কিছু আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়। কিউবার সিসমোলজিক্যাল সার্ভিস জানিয়েছে, সান্তিয়াগো ডি কিউবা এবং গুয়ান্তানামো প্রদেশেও এই কম্পন বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে। তবে ইউএসজিএস-এর প্রাথমিকভাবে জানায়, ক্ষতি বা প্রাণহানির ঝুঁকি বর্তমানে 'সবুজ' পর্যায়ে রয়েছে, যার অর্থ বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কম।

প্রাকৃতিক এই দুর্যোগটি এমন এক সময়ে এল যখন কিউবা এক ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। সোমবার (১৬ মার্চ) থেকে পুরো দ্বীপটি সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির ওপর আরোপিত তেল অবরোধকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এই সংকটের মধ্যেই কিউবায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত