কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজীপাড়ার শহীদ শাহ জালালের পরিবারের কাছে শোকবার্তার চিঠি পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৮ মার্চ) বিকেলে দক্ষিণ হ্নীলা জাদিমোরা নয়াপাড়ায় জুহুর আলম স্মৃতি পরিষদের আয়োজিত ইফতার মাহফিলে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবারের সদস্যদের কাছে এ চিঠি হস্তান্তর করা হয়। চিঠিটি হস্তান্তর করেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
শহীদ শাহ জালালের পরিবারের সদস্য শাহ আলম ও আবুল আলম চিঠিটি গ্রহণ করেন।
এ সময় শাহ আলম বলেন, ‘আমাদের পরিবারকে তারেক রহমান এখনো স্মরণ রেখেছেন, এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাওয়ার পথে সন্ত্রাসীরা আমার ভাইকে হত্যা করে। প্রতি বছর আমাদের স্মরণ রাখার জন্য আমরা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘আমরা আজীবন বিএনপির জন্য কাজ করে যেতে প্রস্তুত আছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ হ্নীলা দক্ষিণ শাখা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
পিরোজপুরে ইমাদ পরিবহনে অভিযান, প্রায় ১২ কেজি গাঁজাসহ আটক ১