আজও বাড়ি ফিরছে লাখো মানুষ, বাড়তি চাপ সড়ক-নৌ-রেলপথে

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৪:০৩ পিএম

পবিত্র ঈদুল ফিতরের টানা সাতদিনের ছুটি শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। ঈদ উপলক্ষে সাত দিনের ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ির পথে ছুটছে মানুষ। মঙ্গলবার (১৭ মার্চ) থেকেই মানুষ বাড়ির পথ ধরেছে। যার ধারা বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে সড়ক ও রেলপথে। এর পাশাপাশি যাত্রীর উপস্থিতি বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। এ সময় বাস টার্মিনাল থেকে শুরু করে রেলস্টেশন এবং লঞ্চ ঘাটগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এখন নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ, ফেরার আনন্দ মানুষের চোখেমুখে।

যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বিভিন্ন ধরনের নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিবহনের চাপ বেশি লক্ষ্য করা গেলেও, এখনও পর্যন্ত যানজটের কোনো খবর পাওয়া যায়নি। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকালে ৯টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এ পর্যন্ত কোনও সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি।

এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীর চাপ বেড়েছে। স্বাচ্ছন্দে গন্তব্যে পৌঁছানোর বাহন হিসেবে লঞ্চকেই বেছে নেয় বৃহত্তর বরিশালের মানুষ। রাজধানীর সায়েদাবাদ, মহাখালী আর গাবতলীতে আছে যাত্রীদের চাপ। যারা বাসের টিকিট পাননি তারা লোকাল বাস বা পিকাপে করেই ফিরছে বাড়ি।

আরও দেখুন ভিডিওতে

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত