রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা একটি চুরির ঘটনা নস্যাৎ করে দুই চোরকে আটক করেছেন। এসময় এক আনসার সদস্য আহত হন।
শুক্রবার (২০ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিচতলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক ব্যক্তি জানালার গ্রিল কেটে ভবনের ভেতরে প্রবেশ করে, অপর সহযোগী বাইরে অবস্থান করছিল। ভবনের ভেতরে প্রবেশের পর তারা পানির কল ভাঙার চেষ্টা করলে সৃষ্ট শব্দে ডিউটিরত আনসার সদস্যদের চোখে পড়ে।
ডিউটিরত এপিসি মোঃ কাওসার হোসেন এবং আনসার সদস্য মোঃ আজিজুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হন। এ সময় এপিসি মোঃ কাওসার হোসেন চোরকে আটক করার চেষ্টা করলে এক দুর্বৃত্ত পানির কল দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি আহত হন।
তবে সহকর্মীর ওপর হামলার পরও আনসার সদস্যরা ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে দুই চোরকে আটক করতে সক্ষম হন।
আটককৃত ব্যক্তিরা হলেন— রেজাউল (২৯) এবং মোঃ রাতুল (১৯)। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের শেরেবাংলা নগর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আহত এপিসি মোঃ কাওসার হোসেনকে তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং মাথায় সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
