রূপপুরে জ্বালানি লোডিং: আইএইএর সঙ্গে বাংলাদেশের নতুন চুক্তি

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৩:২৩ পিএম

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরুর প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। শুক্রবার (২০ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. তানভীর মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৮ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদর দপ্তরে বাংলাদেশের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন ও আইএইএর পক্ষে সংস্থাটির উপ-মহাপরিচালক ও টেকনিক্যাল কো-অপারেশন বিভাগের প্রধান হুয়া লিউ এই চুক্তিতে স্বাক্ষর করেন।

সিপিএফ মূলত আইএইএ ও এর সদস্য দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার একটি মধ্যমেয়াদী পরিকল্পনা। আগামী ছয় বছরের জন্য পরমাণু প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ সাতটি অগ্রাধিকার ভিত্তিক খাত চিহ্নিত করেছে।

খাতগুলো হলো পরমাণু ও বিকিরণ সুরক্ষা এবং নিরাপত্তা, জ্বালানি, খাদ্য ও কৃষি, জনস্বাস্থ্য, পানি ও পরিবেশ, পরমাণু বিষয়ক জ্ঞান উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং শিল্পক্ষেত্রে বিকিরণ প্রযুক্তির ব্যবহার।

২০২৬ থেকে ২০৩২ সাল পর্যন্ত মেয়াদী এই চুক্তির মূল লক্ষ্য হলো পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করা।

​বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৭ এপ্রিল ভার্চুয়ালি যুক্ত হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত