কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৯:৩৩ এএম

কুমিল্লা জেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিন নারী এবং দুই শিশু রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

রবিবার (২২ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক।

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন।

এই ধাক্কায় বাসটি আধা কিলোমিটার দূরে সরে যায়। এতে প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এ ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ওই ট্রেন উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত