যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি 'অ্যামবুশ' হামলায় পুলিশ কর্মকর্তাকে গুলি করার ঘটনায় দুই সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ-পূর্ব ওয়াশিংটনে একটি তদন্তে অংশ নেওয়ার সময় একটি অচিহ্নিত পুলিশ গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় অন্তত দুই বন্দুকধারী। এতে একজন অভিজ্ঞ কর্মকর্তা গুলিবিদ্ধ হন।
ইউএস পার্ক পুলিশের প্রধান স্কট ব্রেখট বলেন, হামলার পরও ওই কর্মকর্তা গাড়ি চালিয়ে নিরাপদ স্থানে পৌঁছাতে সক্ষম হন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, তার আঘাত গুরুতর হলেও প্রাণঘাতী নয়। কর্মকর্তাকে বাহিনীর অভিজ্ঞ সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফ ক্যারল জানান, কর্মকর্তার শরীরের উপরের অংশে গুলি লেগেছে এবং পুলিশের পক্ষ থেকে পাল্টা গুলি চালানোর কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্তে সহায়তা করছে এফবিআই।
