রেকর্ড ২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো সূর্যবংশী-জয়সোয়ালদের দল

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের নতুন আসর শুরু হতে আর তিন দিন। ঠিক এমন সময়ে টুর্নামেন্টেরপ্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালসের শতভাগ মালিকানা কিনে নিয়েছে কাল সোমানির নেতৃত্বাধীন একটি শক্তিশালী আমেরিকান কনসোর্টিয়াম। এই চুক্তির আর্থিক মূল্য প্রায় ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার কোটি টাকারও বেশি।

২০২৫ সালের আইপিএল মৌসুম শেষ হওয়ার পর থেকেই বর্তমান মালিকপক্ষ দল বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল। বর্তমানে দলটির ৬৫ শতাংশ মালিকানা ছিল মনোজ বাদালের নেতৃত্বাধীন 'ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস'-এর কাছে। এছাড়া রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স (১৫%) এবং ল্যাচলান মার্ডকের (১৩%) শেয়ার ছিল। এই বিশাল চুক্তির ফলে বর্তমান সব অংশীদারের কাছ থেকে মালিকানা নতুন কনসোর্টিয়ামের হাতে চলে যাচ্ছে।

কাল সোমানির নেতৃত্বাধীন এই কনসোর্টিয়ামে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্পোরেট জগতের দুই দিকপাল রব ওয়ালটন ও শীলা ফোর্ড হ্যাম্প। রব ওয়ালটন বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান 'ওয়ালমার্ট'-এর উত্তরাধিকারী এবং এনএফএল দল ডেনভার ব্রঙ্কোসের মালিক। আর শীলা ফোর্ড হ্যাম্পবিশ্বখ্যাত ফোর্ড মোটর ডাইনেস্টির সদস্য এবং ডেট্রয়েট লায়ন্সের চেয়ারউইম্যান।

বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হারশা ভোগলে এই চুক্তির বিশালতা বোঝাতে একটি তুলনা টেনেছেন। তার মতে, ইংল্যান্ডের ‘দ্যা হান্ড্রেড’ টুর্নামেন্টের সবচেয়ে দামী দল 'লন্ডন স্পিরিট' বিক্রি হয়েছিল মাত্র ৩৭০ মিলিয়ন ডলারে। সেই তুলনায় রাজস্থান রয়্যালসের মূল্য প্রায় চার গুণ বেশি, যা আইপিএলের আকাশচুম্বী ব্র্যান্ডভ্যালুরই প্রমাণ।

রাজস্থান রয়্যালসের এই মেগা-ডিল সম্পন্ন হওয়ার পর এখন সবার নজর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিকে। জানা গেছে, মার্কিন ইনভেস্টমেন্ট ফার্ম ব্ল্যাকস্টোন আইপিএলে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে। তারা সরাসরি দল না কিনলেও আরসিবি অথবা রাজস্থান রয়্যালসের বড় শেয়ার কেনার সম্ভাবনা খতিয়ে দেখছে। 

এছাড়া আরসিবি কেনার দৌড়ে আছে আদিত্য বিড়লা গ্রুপ, ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবার এবং ভারতীয় ফার্মাসিউটিক্যাল টাইকুন আদর পুনাওয়ালা। ধারণা করা হচ্ছে, আরসিবির মূল্য ১.৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত