স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার(২৪মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত-সহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে জনস্বাস্থ্য খাতে বিদ্যমান সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
দুদেশের মধ্যে চিকিৎসাবিষয়ক গবেষণা ও উন্নত চিকিৎসাসেবার ক্ষেত্রে বিনিময়, ক্যান্সার চিকিৎসা, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি এবং উভয় দেশের জনগণের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে সক্ষম, এমন অন্যান্য জনগণকেন্দ্রিক উদ্যোগসমূহ নিয়ে আলোচনা করেন। এ সময় উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারকে ভিত্তি করে স্বাস্থ্যখাতে সক্ষমতা বৃদ্ধি, ফার্মাসিউটিক্যাল শিল্পে সংযোগ সম্প্রসারণ, চিকিৎসা শিক্ষা উন্নয়ন এবং ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা জোরদারের প্রস্তাব নিয়ে আলোচনা করেন।
