ফরিদপুরের বোয়ালমারীতে পৈতৃক সম্পত্তির গাছ বিক্রি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চতুল এলাকায় ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহতের নাম হুমায়ুন কবির মিন্টু (৫২)। অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবিরকে (৭২) স্থানীয় জনতা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহত মিন্টুর বারো বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি-জমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে পৈতৃক সম্পত্তির গাছ বিক্রি নিয়ে বাড়ির অদূরে রেললাইনের পাশে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে গোলাম কবির বাড়ি থেকে শর্টগান এনে মিন্টুকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দেয় এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় ক্ষুব্ধ জনতা তার ব্যবহৃত গাড়ি ও বাড়িতে ভাঙচুর চালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ফরিদপুর জেলার সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান জানান, পৈতৃক জমির গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ব্যবহৃত অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কক্সবাজারে জুলাইযোদ্ধা খুন, তরুণী পুলিশি হেফাজতে