ফরিদপুরের বোয়ালমারীতে এক বিএনপি নেতার হার্ডওয়্যারের দোকানে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ওয়াপদা মোড়ে অবস্থিত মফিজুল কাদের খাঁন মিল্টনের মালিকানাধীন ‘খাঁন মিল্টন অ্যান্ড কোং’ নামের রড, সিমেন্ট, টাইলস ও হার্ডওয়্যারের দোকানে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে এক দুর্বৃত্ত দোকানের পেছনের ইটের দেওয়ালের একটি অংশ ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকান থেকে পানির ফিটিংস সামগ্রী, একটি টেলিভিশনসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
দোকান মালিক ও স্থানীয় বিএনপি নেতা মফিজুল কাদের খাঁন মিল্টন জানান, প্রতিদিনের মতো তিনি রাতের বেলা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে এসে দোকান খুলে ভাঙচুরের চিহ্ন দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
