সাটুরিয়ায় ১৫ দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকা ক্ষতি দাবি

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১১:২৮ এএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি বাজারে আগুন লেগে ১৫টা দোকার পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করেছে ফায়ার সার্ভিস। ​বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার দড়গ্রাম বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।  

​স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কাপড়, ওষুধ, কসমেটিকস, মুদি, সোনা, চা ও ইলেকট্রনিক্সসহ ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

ব্যবসায়ীরা জানায়, দোকানে থাকা নগদ টাকা ও বিপুল পরিমাণ মালামাল বের করার কোনো সুযোগ পাননি তারা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সাটুরিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সহিদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা রাত ১টা ২০মিনিটে দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। তবে পানির উৎসের অভাব থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়।

তিনি বলেন, রঞ্জিত বসাকের কাপড়ের দোকান ও জামান মেডিসিন কর্নারসহ মোট ১৫ দোকান পুড়ে গেছে এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুকুমার বসাকের দোকানের আইপিএস থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত করা যাবে বলে জানান তিনি।

আগুনে সর্বস্ব হারানো ব্যবসায়ীরা এখন দিশেহারা। তারা সরকারের কাছে দ্রুত সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত