২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৭ মার্চ) শুরু হচ্ছে। এ উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে গোবিপ্রবি কেন্দ্রে মোট ৯ হাজার ৩৩৫ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবে।
পরীক্ষার সূচি অনুযায়ী, ২৭ মার্চ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বাণিজ্য শাখার (সি ইউনিট) পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৭০ জন। ৩ এপ্রিল একই সময়ে মানবিক শাখার (বি ইউনিট) পরীক্ষায় অংশ নেবে ৩ হাজার ৮১৩ জন এবং ১০ এপ্রিল বিজ্ঞান শাখার (এ ইউনিট) পরীক্ষায় অংশ নেবে ৪ হাজার ৪৫২ জন ভর্তিচ্ছু। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ ইউনিটভুক্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটে ২৫০, বি ইউনিটে ৫০০ এবং এ ইউনিটে ৭৫৫টি আসনসহ মোট ১ হাজার ৫০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম আহসান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জালিয়াতি প্রতিরোধে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
তিনি আরও জানান, পরীক্ষা চলাকালে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কাউকে একাডেমিক ও প্রশাসনিক ভবনের আশপাশে অবস্থান করতে দেওয়া হবে না। এ ছাড়া পরীক্ষার দিন ক্যাম্পাসে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং পরীক্ষার এক ঘণ্টা আগে থেকে মোটরসাইকেলসহ সব যানবাহন ব্যবহার নিষিদ্ধ থাকবে।
মোবাইল ফোন ও যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে কোনো অস্থায়ী ভাসমান দোকান বসতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় মেডিকেল টিম, জরুরি অ্যাম্বুলেন্স ও ফার্স্ট এইড সেবাও প্রস্তুত রাখা হয়েছে।
