দুবাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১১:০৫ পিএম

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬মার্চ) ভোরে কনস্যুলেট প্রাঙ্গণে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। পরে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে কনস্যুলেট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। শেষে স্বাধীনতা দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে প্রবাসীদের কল্যাণে সরকার গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন। পাশাপাশি দলমত নির্বিশেষে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধভাবে দেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান মো. আব্দুস সালাম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত