ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক সহায়তা জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
শনিবার (২৮ মার্চ) আইআরজিসির খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ইরানি এই কর্মকর্তা জানান, ওমানের সালালাহ বন্দর থেকে বেশ কিছুটা দূরে অবস্থানরত মার্কিন সামরিক সহায়তা জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বিবৃতিতে বলা হয়েছে, ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশ ওমানের সার্বভৌমত্বকে ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্মান করে।
ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি বলেন, আগ্রাসী মার্কিন সেনাবাহিনীকে সমর্থনকারী একটি রসদবাহী জাহাজকে ওমানের সালালাহ বন্দর থেকে বেশ কিছুটা দূরে আইআরজিসি লক্ষ্যবস্তু বানিয়েছে।
এর আগে বুধবার ইরানের সেনাবাহিনী দাবি করে যে, তারা উপকূলীয় অঞ্চলে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্যবস্তু করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা নৌ কর্মকর্তাদের বরাতে জানায়, রণতরিটি ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাল্লার মধ্যে প্রবেশ করলেই সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে রণতরিটিকে অবস্থান পরিবর্তনে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়ে আসছে। এতে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। পাল্টা হামলায় ইসরায়েল, জর্ডান, ইরাক ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এতে হতাহত, অবকাঠামোর ক্ষতি ও বৈশ্বিক বাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।
