পবিত্র রমজান ও ঈদুল ফিতরের টানা ৩৮ দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এরই প্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
নির্দেশনার মধ্যে রয়েছে, ঈদুল ফিতরের ছুটি শেষে ক্লাস শুরু হওয়ার আগেই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য তদারকি কার্যক্রম আরও জোরদার করতে হবে। প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং নিয়মিত বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পরিবেশগত পরিচ্ছন্নতার বিষয়ে নিয়মিত উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজসহ অধিকাংশ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার থেকে পাঠদান শুরু হবে।
