ভিয়েতনামের কাছে হারানো তিক্ততা পেছনে ফেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার অনুষ্ঠেয় এই ম্যাচকে সামনে রেখে জাতীয় দলে নতুন প্রাণ সঞ্চার করেছেন সিঙ্গাপুর প্রবাসী সমর্থকরা। তাদের অব্যাহত সমর্থন আর ভালোবাসা ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা করে তুলছে বলে জানিয়েছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম।
রবিবার শমিত দলের সর্বশেষ অবস্থার কথা জানিয়ে বাফুফের ভিডিও বার্তায় বলেছেন, ‘সব খেলোয়াড়দের সাথে আমার সম্পর্ক অনেক ভালো। হোক সেটা মাঠে কিংবা বাইরে- আমি দলকে সাহায্য করতে পারি। সব মিলিয়ে আমার ভালো লাগছে।’
জাতীয় দলে খেলা চাপের কিনা এর উত্তরে শমিত বলেছেন, ‘প্রেসার যদি সত্যি বলতে বলা হয়, ওরকম প্রেসার আমরা চিন্তা করছি না। আমরা শুধু খেলি। আমরা হৃদয় ও কাজেমকে মিস করেছি। আর যারা আসে নাই- রাকিব আর তপু... একসময় হয়তো হামজা, আমি খেলতে পারবো না যদি চোটগ্রস্ত হই। তখন কী হবে... পরে যারা আসবে দেখতে হবে কেমন পারফরম্যান্স করে। ফুটবল ১১ জন নয়, পুরো দলের খেলা। সেভাবে দল উন্নতি করতে পারবে।’
সিঙ্গাপুরে বাংলাদেশের সমর্থকদের নিয়ে শমিত বলেছেন, ‘বাংলাদেশিরা সিঙ্গাপুরে আছে, যারা আমাদের সাপোর্ট করতে আসছে, এটা খুব ভালো লাগে। আমার মনে হয় এটা সবার মুড একটু লিফট করে, একটু এনার্জি দেয় আরও। আর একটু মোটিভেশন দেয় ওই ম্যাচ জিততে, যা মঙ্গলবার হবে।’
ভিয়েতনাম ম্যাচের হার নিয়ে শমিতের কথা, ‘এখন একটু আশ্বস্ত হয়েছি। দুই তিন দিন হয়েছে একটু স্থির হয়েছি। সবার একটু মন খারাপ ছিল আগের ম্যাচ যেভাবে হয়েছে। এখন দৃষ্টি সামনের ম্যাচে। আশা করছি একটা ভালো পারফরম্যান্স করতে পারবো। আর এখন অনুশীলন শুরু করেছি, যেন ভালোভাবে প্রস্তুতি নিতে পারি, ম্যাচ জিততে পারি। অন্তত পয়েন্ট নিতে পারি।’
৩১ মার্চ এশিয়া কাপের এবারের মিশনে সিঙ্গাপুরের সঙ্গে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
