সাভারের নবীনগর এলাকার 'নবীনগর সিএনজি রিফুয়েলিং এন্ড ফিলিং স্টেশনে' তেল বিক্রির সময় অনিয়মের অভিযোগ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধর এবং গায়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি প্রদানের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী রবিবার (২৯ মার্চ) আশুলিয়া মডেল থানায় নবীনগর ফিলিং স্টেশনের মালিক ও ম্যানেজার সহ অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগপত্র দায়ের করেছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. সৌরভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম আবর্তনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, মো. সৌরভ রবিবার বিকেল ৪টার দিকে নবীনগর সাকিনস্থ নবীনগর ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য তেল নিতে যান। তেল নেওয়ার জন্য অপেক্ষার একপর্যায়ে বিকাল পৌনে ছয়টার দিকে ফিলিং স্টেশনে তেল দেওয়ায় অনিয়ম দেখতে পান তিনি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ঐ সময় অনিয়মিতভাবে গ্যালনে করে তেল নেওয়া অজ্ঞাতনামা ৩ জন তার উপর অতর্কিতভাবে হামলা করে এবং কিল ঘুষি, লাথি মেরে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থলে উপস্থিত পাম্পের ম্যানেজার কোনো ব্যবস্থা না নিয়ে তাকে আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিলে হামলাকারীদের একজন তেল দেওয়ার পাইপ দিয়ে তার গায়ে তেল ছুড়ে মারে। পরে তাকে পাম্পের ভেতরে আটকে রেখে মারধর করে পাম্পের ম্যানেজারসহ হামলাকারীরা।
এ বিষয়ে ভুক্তভোগী মো. সৌরভ বলেন, 'ঘটনার পরপরই আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসুকে জানাই। আমি থানায় অভিযোগ করেছি। এরপর পুলিশ ব্যাবস্থা নিবে।'
ঘটনার প্রত্যক্ষদর্শী সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ফাইজার ফাহাদ বলেন, 'তেল দেওয়ার সময় কয়জন লাইন ভেঙে তেল নেওয়া শুরু করে। এর প্রতিবাদ করায় তারা ভাইয়ের (মো. সৌরভ) উপর হামলা করে। একপর্যায়ে তার গায়ে তেল ঢেলে দিয়ে তাকে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।'
অভিযোগের বিষয়ে আশুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, 'ইতিমধ্যে হামলাকারীদের শণাক্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো।'
তদন্তে এসে উপঢৌকন নিয়ে ফিরলেন কর্মকর্তা