এনজো ফার্নান্দেজের ক্ষমা প্রার্থনা, রিয়াল মাদ্রিদ ও বিশ্বকাপের গল্প

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১১:৫৮ এএম

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ বর্তমানে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন। চেলসির এই ২৫ বছর বয়সী মিডফিল্ডার সম্প্রতি মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের কিছু মন্তব্যের কারণেও আলোচনায় এসেছেন। বিশেষ করে বোকা জুনিয়র্সের মাঠ 'লা বোম্বোনেরা' নিয়ে তাঁর সমালোচনামূলক মন্তব্য আর্জেন্টাইন ভক্তদের মাঝে বেশ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব বিতর্ক এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মন্তব্য করেছেন এনজো। 

মৌরিতানিয়ার বিপক্ষে জয়ের পর লা বোম্বোনেরার পিচের অবস্থা নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন এনজো। সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, "আমার উদ্দেশ্য কাউকে ছোট করা ছিল না। কোনো বিদ্বেষ থেকে আমি কথাটি বলিনি। যদি আমার কথাকে ভুলভাবে নেওয়া হয়ে থাকে বা কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।"

ইউরোপীয় ফুটবলে গুঞ্জন রয়েছে যে, রিয়াল মাদ্রিদ এনজোকে দলে নিতে আগ্রহী। চেলসি ছাড়ার গুঞ্জনকে আরও উসকে দিয়ে তিনি মাদ্রিদ শহর নিয়ে বশে রহস্যময় মন্তব্যই করেছেন। তার ভাষায়, "মাদ্রিদ শহরটা আমার খুব পছন্দ। শহরটা অনেকটা আমাদের বুয়েনস এইরেসের মতোই মনে হয়।"

ক্যারিয়ারের শেষভাগে ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে নিজের শেকড়ে ফেরার ইচ্ছা প্রকাশ করে এনজো বলেন, "আমি রিভারে (প্লেট) ফিরে যেতে চাই। তবে আমি যখন ফিরব, তখন যেন একদম সঠিক শারীরিক ও মানসিক অবস্থায় থাকি। আমি ক্লাবে অবদান রাখতে চাই।"

রিভারে ফেরার সেই কঠিন সময় ও গ্যালার্দোর শাসন

ডিফেন্সা ই জাস্টিসিয়া থেকে রিভারে ফেরার পর তাঁর শুরুটা খুব একটা সহজ ছিল না। সেই স্মৃতি রোমন্থন করে এনজো জানান, "রিভারে ফেরার পর প্রাক-মৌসুম অনুশীলনে আমি খুব ভুগেছি। এমনকি শারীরিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে বমিও করতাম। কোচ মার্সেলো গ্যালার্দো ছিলেন অত্যন্ত কঠোর, যা আমাকে আজকের এই অবস্থানে নিয়ে আসতে সাহায্য করেছে।"

কাতার বিশ্বকাপ ফাইনালের মতো বড় ম্যাচের আগে স্নায়ুচাপে ভোগেননি এনজো। তার কারণ নিয়ে তিনি বলেন, "কাতার বিশ্বকাপের ফাইনালের আগে আমি তিন ঘণ্টা ঘুমিয়েছিলাম। আমাদের কাজের সময় বদলে গিয়েছিল (গরমে রাতে অনুশীলন)। তাই সকালে মাতে খেয়ে দুপুরের খাবারের পর আমি আর হুলিয়ান আলভারেজ লম্বা একটা ঘুম দিতাম।"

উল্লেখ্য যে, আগামী মঙ্গলবার ৩১ জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও লা বোম্বোনেরার মাঠে নামবে আর্জেন্টিনা। এনজোর এই ক্ষমা প্রার্থনা সেই ম্যাচের আগে বোকা জুনিয়র্স সমর্থকদের শান্ত করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত