ফেনীতে কাভার্ডভ্যানকে ট্রাকের ধাক্কা, চালক নিহত

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১১:২৬ এএম

ফেনী জেলায় কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হন ট্রাকের মালিক বগুড়া সদর উপজেলার বুজুরুক মাজিরা গ্রামের লাল মিয়ার ছেলে জিল্লুর হোসেন (৪৫)। নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালক মারা যান। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ট্রাকের মালিক জিল্লুর হোসেনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

জিল্লুরের জামাতা ইস্রাফিল হাসান বলেন, আমার শ্বশুর চট্টগ্রাম থেকে সরকারি চাল নিয়ে ঢাকার তেজগাঁও যাচ্ছিলেন। গাড়ির চালকের নাম জানা নেই। তবে গাড়িটি আমার শ্বশুরের মালিকানাধীন। উনার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকায় আনা হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. রায়হান হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় জিল্লুর হোসেনকে হাসপাতালে আনা হয়। তার ডান পায়ের একাধিক হাড় ভেঙে গেছে এবং মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মাজেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে যায়। ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত