বেড়াতে গিয়ে পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উপজেলার জিরুইন গ্রামে রবিবার (২৯ মার্চ) এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার গিলাতলা গ্রামের তারা মিয়ার ছেলে আলী ও অলী, তাদের বয়স চার বছর।
স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে আলী ও অলী তাদের মায়ের সঙ্গে নানাবাড়ি জিরুইন গ্রামে বেড়াতে যায়। রবিবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে পুকুরে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় এখন কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।