হবিগঞ্জের লাখাই উপজেলায় ধারের টাকাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সুনেশ্বর গ্রামে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের জালাল মিয়া দোকান থেকে রসম আলী বাকিতে মাল কিনতে চান। এ সময় রসম আলী আগের পাওনা ১৮৫ টাকা চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এর জের ধরে উভয় দুই পক্ষের লোকজন দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ আহত হন। পরে খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সতত্যা নিশ্চিত করে হবিগঞ্জ সদর ও লাখাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এছাড়া সংঘর্ষে আহতরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।
