সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের সলিমপুর সিডিএ আবাসিক এলাকায় রেললাইনের কাছে একটি কালো তেলের ডিপো থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ২৫ হাজার লিটার তেল জব্দ করেছে জেলা প্রশাসন।
আজ সোমবার (৩০ মার্চ) বিকেল পাঁচটার দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান চালান সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন। এর আগে দুপুরে চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় অভিযান চালিয়ে আট হাজার লিটার ডিজেল ও অকটেন জব্দ করা হয়।
আজ সন্ধ্যায় সীতাকুণ্ডে অভিযানস্থলে যান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। ঘটনাস্থলে ছিলেন যমুনা অয়েল কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম ডিবি) ক্যাপ্টেন শেখ জাহিদ আহমেদ।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি কালো তেলের ডিপোতে অভিযান চালিয়েছেন তারা। অভিযানের সময় ডিপোর মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। অভিযানে তারা অবৈধ তেল মজুতের বড় একটি চালান ধরেছেন। প্রায় ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছেন। জব্দ ডিজেল আদালতের কাছে উপস্থাপন করা হবে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুসারে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে আজ সোমবার দুপুরে নগরের বন্দর এলাকায় চট্টগ্রাম নগরের আনোয়ারা জাকারিয়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা। এ সময় সেখান থেকে ৭ হাজার ৭৩৪ লিটার ডিজেল ও ৩৭৪ লিটার অকটেন মজুত পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা বলেন, স্টেশনটিতে তেলের পরিমাপেও কারচুপি করা হচ্ছিল। মজুত থাকা সত্ত্বেও তা বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যেই অবৈধভাবে এ মজুত রাখা হয়েছিল। এসব অপরাধে দুটি আইনে তাদের জরিমানা করা হয়েছে।
