আইপিএল ২০২৬-এর নিজেদের প্রথম ম্যাচেই রাজকীয় জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। গৌহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) ৮ উইকেটে হারিয়েছে রিয়ান পরাগের দল। মাত্র ১৫ বছর বয়সী তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে কেল্লাফতে করেছে রাজস্থান।
টস হেরে আগে ব্যাট করতে নেমে রাজস্থানের বোলারদের তোপে পড়ে চেন্নাই। মেঘলা আবহাওয়ায় নান্দ্রে বার্গার ও জফ্রা আর্চারের সুইং সামলাতে রীতিমতো হিমশিম খান রুতুরাজ গায়কোয়াড়রা। মাত্র ১৯ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ধোনিহীন সিএসকে। রুতুরাজ (৬), সঞ্জু স্যামসন (৬) এবং শিবম দুবে (৬) পুরোপুরি ব্যর্থ হন। শেষ দিকে জেমি ওভারটনের ৪৩ রানের সুবাদে কোনোমতে ১২৭ রান সংগ্রহ করে চেন্নাই। রাজস্থানের হয়ে আর্চার ও বার্গার ২টি করে এবং রবীন্দ্র জাদেজা ১৮ রানে ২ উইকেট নেন।
১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই রুদ্রমূর্তি ধারণ করেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৭ বলে ৫২ রানের এক টর্নেডো ইনিংস খেলে চেন্নাইকে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। তার এই বিধ্বংসী ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি বিশাল ছক্কা। ৩০৫.৮৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করে বৈভব যখন আউট হন, রাজস্থান তখন জয়ের দোরগোড়ায়।
বৈভব ফেরার পর দলের জয় নিশ্চিত করেন অভিজ্ঞ যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক রিয়ান পরাগ। যশস্বী ৩৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন এবং রিয়ান ১১ বলে ১৪ রান করেন। ৪৭ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের হয়ে অনশুল কম্বোজ ২ উইকেট নিলেও বাকি বোলাররা ছিলেন নির্বিষ।
সংক্ষিপ্ত স্কোর
চেন্নাই সুপার কিংস: ১২৭/১০ (১৯.৪ ওভার, ওভারটন ৪৩, কার্তিক শর্মা ১৮; আর্চার ২/১৯, বার্গার ২/২৭, জাদেজা ২/১৮)
রাজস্থান রয়্যালস: ১২৮/২ (১২.১ ওভার, বৈভব ৫২, যশস্বী ৩৮*, রিয়ান ১৪*; কম্বোজ ২/২৭)
ম্যাচ সেরা: বৈভব সূর্যবংশী।
