জ্বালানি সংকটে সৌর শক্তির দিকে ঝুঁকছে শ্রীলঙ্কা

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৬:১৮ পিএম

জ্বালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুৎ সংরক্ষণে ব্যাটারি ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার (৩১ মার্চ) দেশটির সরকার জানিয়েছে, দ্রুত একটি ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম স্থাপন করা হবে, যাতে দিনে উৎপাদিত সৌর শক্তি সংরক্ষণ করে রাতের চাহিদা পূরণ করা যায়। বর্তমানে এই চাহিদা মূলত কয়লা ও ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র দিয়ে মেটানো হচ্ছে। 

দেশটির সরকারি মুখপাত্র নালিন্দা জয়তিশা জানান, ৩০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের অংশ হিসেবে প্রাথমিকভাবে ৫০ মেগাওয়াট ক্ষমতার ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা চালু করা হবে। মন্ত্রিসভা ইতোমধ্যে এমন একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে, যার মাধ্যমে প্রায় ৪০ ঘণ্টা পর্যন্ত সৌর বিদ্যুৎ সংরক্ষণ করা সম্ভব হবে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় শ্রীলঙ্কায় তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে সরকার জ্বালানি ও বিদ্যুতের দাম প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে এবং জ্বালানি রেশনিং চালু করেছে।

সংকট মোকাবিলায় দেশটিতে চার দিনের কর্মসপ্তাহ চালু করা হয়েছে। একই সঙ্গে সড়কবাতি ও বিজ্ঞাপনী আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র গরমের মধ্যেও সরকারি কর্মচারীদের এয়ার কন্ডিশনারের বদলে টেবিল ফ্যান ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া সরকার প্রায় ৮০০ মিলিয়ন ডলারের একটি ৬০০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পের জন্য আন্তর্জাতিক অর্থায়নের চেষ্টা করছে। 'মহা ওয়া'- নামের প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে দেশের প্রথম পাম্পড-স্টোরেজ বিদ্যুৎকেন্দ্র, যা কম চাহিদার সময় পানি সংরক্ষণ করে উচ্চ চাহিদার সময় তা ব্যবহার করবে। প্রকল্পটি ২০৩১ সালের মধ্যে চালু হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

বর্তমানে শ্রীলঙ্কায় রাতের অধিকাংশ বিদ্যুৎ উৎপাদিত হয় ৯০০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং প্রায় ১,০০০ মেগাওয়াট ডিজেলচালিত উতপাদনকেন্দ্র থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত