অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) কর্মদক্ষতা মূল্যায়ন পরীক্ষা (পারফরম্যান্স ইভ্যালুয়েশন টেস্ট) শুরু হয়েছে। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে গঠিত একটি বোর্ডের মাধ্যমে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টা থেকে ডিএজিদের কর্মদক্ষতা মূল্যায়ন পরীক্ষা শুরু হয়। রাত সোয়া আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরীক্ষা চলছিল। আগামীকাল ১ এপ্রিল ও এর পরদিন ২ এপ্রিল বেলা ১১টা থেকে দুই ধাপে এএজিদের কর্মদক্ষতা মূল্যায়ন পরীক্ষা হবে। অ্যাটর্নি জেনারেল ছাড়া বোর্ডের অপর তিন সদস্য হলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আবদুল জব্বার ভুঞা, মো. আরশাদুর রউফ ও অনীক আর হক।
গত ২৫ মার্চ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর তিনি এই কর্মদক্ষতা মূল্যায়নের উদ্যোগ নেন। এই প্রথম অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ডিএজি ও এএজিদের কর্মদক্ষতা মূল্যায়ন পরীক্ষা নেওয়া হচ্ছে।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ২৯ মার্চের এক ‘জরুরি নোটিশ’ এ বলা হয়, অ্যাটর্নি জেনারেলের নির্দেশনায় ডিএজি ও এএজিদের ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত কর্মদক্ষতা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অ্যাটর্নি জেনারেল ও তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সমন্বয়ে গঠিত বোর্ড এই পরীক্ষা নেবে বলে জরুরি নোটিশে উল্লেখ করা হয়। নোটিশে ডিএজি ও এএজিদের গাউন ছাড়া আদালতের পোশাকে বোর্ডের সামনে উপস্থিত হতে বলা হয়।
