মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মনু শব্দ কর (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার চৈত্রঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মনু শব্দ কর মুন্সিবাজার ইউনিয়নের হরিষরন গ্রামের মৃত সনু শব্দকরের স্ত্রী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চৈত্রঘাট এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন মনু শব্দ কর। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক রনি (১৭) হাসপাতালে গেলে সেখান থেকেই তাকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত