কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুরের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে ২৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় আসামি খালাস পেলে বাদীর আপত্তি নেই বলে আদালতে জবানবন্দি দিয়েছেন খলিলুর রহমান।
ঢাকার ১৪তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদা আক্তারের আদালতে বুধবার (১ এপ্রিল) তিনি জবানবন্দি দেন। আদালত এ মামলার রায়ের জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করেন।
এসময় খলিলুর রহমান বলেন, আমাদের মধ্যে আপস মীমাংসা হয়ে গেছে মোজাম্মেলের হক খালাস পেলে কোনো আপত্তি নেই।
মামলায় অভিযোগে বলা হয়, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে মোজাম্মেল হক খলিলুর রহমানকে আওয়ামী ও ছাত্রলীগের পালিত লোকজনদের দিয়ে ধানমন্ডির অফিসে ডেকে নেন। নির্বাচনী খরচ বাবদ তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এক পর্যায়ে খলিলুর রহমানকে তিন দিনের মধ্যে টাকা দেওয়া জন্য চাপ দেওয়া হয়, অন্যথায় তাকে গুম করার হুমকি দেওযা হয়। পরবর্তী নির্বাচনে নিজ এলাকা শরীয়তপুরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির কাছে নানা অভিযোগ ও হুমকি দিয়ে তার ব্যবসা বন্ধ করে দেয়।
২০২৪ সালের ২৪ আগস্ট খলিলুর রহমান আদালতে চাঁদাবাজির মামলাটি করেন। গত বছরের ৫ অক্টোবর ঢাকার নিকেতন থেকে মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়। সেই থেকে তিনি কারাগারে আছেন।
