অব্যবস্থাপনা ও অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় পপুলার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে মঠবাড়িয়া উপজেলা-এ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা উপস্থিত ছিলেন।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, প্যাথলজিস্ট বা টেকনিশিয়ান কাউকেই পাওয়া যায়নি। অভিযান চলাকালে সংশ্লিষ্টরা পালিয়ে যান বলেও জানা গেছে।
আরও জানা যায়, প্রতিষ্ঠানটিতে ল্যাব পরিচালনারও কোনো অনুমোদন ছিল না।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই হাসপাতালটি পরিচালিত হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেছে।
তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যশোরে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক