প্রধানমন্ত্রীর উপহার পেলেন রাজশাহীর সেই টুলি বেগম  

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম

রাজশাহীর টুলি বেগম নামে এক নারী জীবিকার তাগিদে অটোরিকশা চালান। তার জীবন সংগ্রামের এই খবর জানতে পারেন বিএনপি চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে অসহায় টুলি বেগমের পরিবারটির পাশে দাঁড়াতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল ১১টায় রাজশাহীর পবা উপজেলার বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র সংলগ্ন এলাকায় নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে অসহায় টুলি বেগমের সাথে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিতি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারী সিটি কলেজ সদস্য সচিব এমদাদুল হক লিমন সহ স্থানীয় নেতৃবৃন্দ ।

এ সময় প্রতিনিধি দলটি টুলি বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে নতুন ব্যাটারি চালিত অটোরিকশা উপহার ও নগদ আর্থিক সহায়তা দেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুঁশি অসহায় টুলি বেগম। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুলি বেগম বলেন, ‘আমাকে উপহার পাঠানোয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি অনেক বড় মনের মানুষ। আমি কতটা খুশি ভাষায় প্রকাশ করছি না। নতুন রিকশাটি পাওয়ায় আমার পরিবারের জীবিকা নির্বাহে সহায়ক হবে। আমি মহান আল্লাহর দরবারে প্রধানমন্ত্রীর জন্য অনেক অনেক দোয়া করি’।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘অসহায় টুলি বেগমের বিষয়টি অনলাইনে দেখতে পেয়ে মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’- কে তার পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এরপ্রেক্ষিতে আমরা এসে ব্যাটারি চালিত অটোরিকশা ও আর্থিক সহায়তা পৌছিয়ে দিয়েছি। প্রধানমন্ত্রী শুধু টুলি বেগম নয়, সারাদেশে অসংখ্য খুন ও গুমের শিকার পরিবার এবং অনেক অসহায় পরিবারকে এভাবে সহযোগিতা অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিএনপি পরিবার আগামীতে আর বড় পরিসারে এ কার্যক্রম অব্যাহত রাখবে’।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী। তিনি বিগত ১৭ বছরে খুন, গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া যখন কোন অসহায়ের খবর নজরে আসে তাৎক্ষণিক তিনি তার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় টুলি বেগমের পাশে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ বির্নিমানের দিকে এগিয়ে যাবে’।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত