দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায় একটি ফুটবল ডার্বি ম্যাচকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪৭ জন। শুক্রবার রাতে লিমা’র আলেজান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাস্কো গণমাধ্যমকে জানান, "স্টেডিয়ামে একটি দুর্ভাগ্যজনক ঘটনায় ৪৭ জন আহত হয়েছেন এবং দুঃখজনকভাবে একজন প্রাণ হারিয়েছেন।" তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
আহতদের মধ্যে ৩৯ জনকে লিমার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে স্টেডিয়ামের দেয়াল ধসে পড়ার খবর ছড়ালেও, আলিয়ানজা লিমা ফুটবল ক্লাব কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। তারা এক বিবৃতিতে জানায়, কোনো দেয়াল ধসে পড়া বা কাঠামোগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেনি।
লিমার ফায়ার সার্ভিস প্রধান মার্কোস পাজুয়েলো জানান, স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারির কাঠামো সলিড অবস্থায় রয়েছে এবং সেখানে কোনো দেয়াল ধসের চিহ্ন পাওয়া যায়নি।
পেরুভিয়ান ফুটবল লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ এই ঘটনার পরেও শনিবার রাতে নির্ধারিত আলিয়ানজা পেরু বনাম ক্লাব ইউনিভার্সিটি ডি দেপোর্টেসের মধ্যকার ডার্বি ম্যাচটি পূর্ব পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।
