প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০২:০৪ এএম

চন্দনাইশ উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট চত্বরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। 

সেখানে প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে গাছবাড়িয়া খানহাট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অলি আহমদ-এর কুশপুত্তলিকা দাহ করা হয়।

বিক্ষোভে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন। 

সমাবেশে বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সওদাগর, সদস্য মোজাম্মেল হক বেলাল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ মাহাদু, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এর চেয়ারম্যান অলি আহমদকে চন্দনাইশে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ সময় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত