নীলফামারীর ডিমলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া আফরিন জান্নাত নামে ১১ দিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (৫ এপ্রিল) ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার (৪ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি।
মৃত শিশু আফরিন জান্নাত উপজেলার চাবুলেরটারী এলাকার আবু বকর সিদ্দিকের মেয়ে।
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান জানান, শনিবার সকাল ১১টায় হামের অসুস্থ অবস্থায় জান্নাতকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শরীরে হামের মতো উপসর্গ দেখা যাওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শরীরিক অবস্থার অবনতি হলেন চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড় টার দিকে মৃত্যু হয়।
এ বিষয়ে নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বলেন, শিশুটিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। পরে রংপুরে নেওয়ার পর তার মৃত্যু হয়। আমরা নমুনা সংগ্রহ করেছি, পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে এটি হামের কারণেই হয়েছে কি না।
এদিকে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জানাজা শেষে নবজাতক আফরিন জান্নাতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানায় পরিবার।