কারাগারে ডিভিশন চাইলেন শাহরিয়ার কবির

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে ডিভিশন চেয়ে আবেদন করেছেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।

রবিবার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

শাহরিয়ার কবিরের পক্ষে শুনানিতে অংশ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী পিএম মেহেদী হাসান বলেন, তার মক্কেল এক বছর সাত মাস ধরে কারাগারে রয়েছেন এবং তিনি বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত একজন বিশিষ্ট নাগরিক। সেই হিসেবে তিনি কারাগারে ডিভিশন পাওয়ার যোগ্য।

অন্যদিকে, প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, দুই মাস আগে এই মামলায় শাহরিয়ার কবিরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। তিনি ডিভিশন পেলে অন্য আসামিরাও একই দাবি করতে পারেন। এছাড়া এ ধরনের আবেদন আগে কারা কর্তৃপক্ষের কাছে করা উচিত বলেও তিনি উল্লেখ করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আদেশ দেননি।

পরে আইনজীবী মেহেদী হাসান বলেন, কারাবিধি অনুযায়ী বিশিষ্ট নাগরিক হিসেবে শাহরিয়ার কবির ডিভিশন পাওয়ার অধিকার রাখেন। ট্রাইব্যুনাল বিষয়টি বিবেচনায় নিয়েছেন এবং পরে আদেশ দেবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিন সকালে গ্রেপ্তার শাহরিয়ার কবিরসহ ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং আবদুল জলিল মণ্ডল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত