কুমিল্লার নাঙ্গলকোটে দায়ের করা একটি মামলাকে ‘মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। রবিবার(৫এপ্রিল) বিকেলে উপজেলার পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা বাজারে দলীয় কার্যালয়ে ওই দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স্বপন, সহসভাপতি ইয়াসিন মজুমদার, যুবদল নেতা মাইন উদ্দিন, ব্যবসায়ী বাহার মজুমদারসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে ‘বাংলাদেশ জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে পেরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, একই ইউনিয়নের বড় সঙ্গেশ্বর গ্রামের বাসিন্দা কাজী নুর আলম সিদ্দিকী গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এরপর তাঁর ছোট ভাই জাফর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রদলকে নিয়ে কটূক্তিমূলক একটি স্ট্যাটাস দিয়ে ঢাকায় চলে যান। এ ঘটনার জেরে গত ৩ এপ্রিল বিকেলে জাফর বাড়িতে এলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শফিউল্লাহ ভুট্টু ওরফে পারভেজ তাঁর সঙ্গে এ বিষয়ে কথা বলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিএনপি নেতা আমান উল্লাহ সেখানে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অভিযোগ করা হয়, জাফর আমান উল্লাহকে মারধর করে সেখান থেকে চলে যান।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা আরও দাবি করেন, ঘটনার পর জাফর বাড়িতে গিয়ে ভাঙচুর চালান। পরে ওই দিন রাতেই তাঁর ভাই নোমান মিয়া বাদী হয়ে শফিউল্লাহ ভুট্টুকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করে নাঙ্গলকোট থানায় একটি মামলা করেন। বিএনপির নেতাদের দাবি, মামলাটি ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
