তথ্য গোপন করায় ছাত্রদল নেতাকে অব্যাহতি !

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার(৫এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলেরসহ দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক মামুন খান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেয়া হয়। অব্যাহতি পত্রে তার বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য গোপনের অভিযোগ আনা হয়। রেদোয়ান ট্রান্সজেন্ডার বলে আলোচনায় আছে। তাকে পদ দেওয়ার পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, সম্প্রতি কসবা উপজেলায় সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ৫১ সদস্যের ছাত্রদল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি দেয়ার আগে বায়োডাটায় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম নিজের জেন্ডারের তথ্য গোপন করেন। এতে তিনি নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেন। কিন্তু কমিটি ঘোষণার পর জানা যায় তিনি অপারেশন করে পুরুষ থেকে নারী হয়েছেন। তথ্য গোপন করার অভিযোগে রেদোয়ান ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে রেদোয়ান ইসলাম এ নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেন, অনেকে বুঝে না বুঝে নানা ধরনের মন্তব্য করছেন। সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে এমন মানুষ হিসেবে আমাকে যুক্ত করা হয়। কিন্তু আমাকে নিয়ে এমনভাবে কথা বলা শুরু হয়েছে যে যেন আমাকে কোন সংসদ আসন দেওয়া হয়েছে। আমি মনে করি যার যে যোগ্যতা আছে সেভাবে কাজ করতে পারবে। সে ছেলে নাকি মেয়ে তা বিষয় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত