জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ছাত্র সংসদ ‘বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬’ উপলক্ষে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করবে। রবিবার (৫এপ্রিল) বিকাল ৫টায় বিভাগের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পাবলিক হেল্থ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে সহকারী অধ্যাপক মোছা. জান্নাতুল ফেরদৌস ও বিভাগ শিক্ষার্থী ফোরামের সদস্যরা ।
এ সময় সাখাওয়াত হোসেন বলেন, আমরা ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘টুগেদার ফর হেলথ’ প্রতিপাদ্য সামনে রেখে এই আয়োজন করছি। স্বাস্থ্যকে আমরা আর শুধু ব্যক্তিগত বিষয় হিসেবে দেখতে পারি না; বরং মহামারি, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করতে হবে। এজন্য ‘ইস্টে ইউথ সাইন্স’ এই বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বৈজ্ঞানিক তথ্য ও গবেষণার ভিত্তিতেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ‘ওয়ান হেলথ’ ধারণার মাধ্যমে মানুষ, প্রাণী ও পরিবেশ এই তিনটির সমন্বিত সম্পর্ক বিবেচনায় নিয়ে স্বাস্থ্য সমস্যা সমাধান করতে হবে। সবাই একসাথে কাজ করে একটি সুস্থ সমাজ গড়ে তুলুক এবং এই দিবসের মাধ্যমে সেই সচেতনতা আরও ছড়িয়ে পড়ুক’বলে তিনি আশা ব্যক্ত করেন।
বিশ্ব স্বাস্থ্য দিবসে নানাবিধ কার্যক্রম সম্পর্কে তিনি আরও বলেন, সেদিন সকাল ৬টায় ‘রান ফর হেলথ’, সকাল ৮টায় ‘ক্লিন ফর হেলথ' ক্যাম্পেইন, সকাল ১০টায় র্যালী এবং সারাদিন হেলথ ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যসেবা দেয়া হবে। পাশাপাশি বৃক্ষরোপণ, স্বাস্থ্যবিষয়ক বিতর্ক এবং শিশুদের জন্য আর্ট প্রতিযোগিতাসহ অন্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকবে। ইউনিকো হসপিটালের সহযোগিতায় দিনের কার্যক্রমসমূহ পরিচালিত হবে।
