মুন্সীগঞ্জে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপন

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১১:০১ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শুলপুর সাধু যোসেফ গীর্জায় উৎসবের আমেজে ইস্টার সানডে উদযাপন করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। রবিবার(৫এপ্রিল) দিনভর বাইবেল পাঠ, বিশেষ প্রার্থনা ও ধর্মীয় বাণী পাঠে মত্ত থাকেন তারা। যিশু খ্রিস্টের পুনরুত্থানের এই দিনে সকাল থেকেই উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামের ওই গীর্জা প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন খ্রিষ্টান ধর্মাবলম্বী নারী-পুরুষ থেকে শুরু করে আবাল-বৃদ্ধ-বনিতা। এদিন বেলা ১১ টার দিকে মূল আনুষ্ঠানিকতা শেষ হলেও গীর্জা প্রাঙ্গণজুড়ে পুণ্যার্থীদের পদচারণা থাকে দিনভর। উৎসবের আমেজ বিরাজ করে সকলের মাঝে। 

শুলপুর সাধু যোসেফ গীর্জার পালপুরোহিত ফাদার কমল কোড়াইয়া বলেন, প্রতি বছরের মতো এবারও সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভক্তিপূর্ণ পরিবেশে স্টার সানডে উদযাপিত হয়েছে। এতে পুণ্যার্থীদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে। সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ইস্টার সানডে উপলক্ষে গীর্জা ও আশপাশ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবটি নির্বিঘ্নে পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়। উৎসবমুখর পরিবেশে সবাই তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত