ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রবিবার (৫ এপ্রিল) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন প্রত্যেক আহত শ্রমিকের হাতে ১ লাখ টাকা আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন তিনি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’-এর তহবিল থেকে এই জরুরি সহায়তা প্রদান করা হয়। আজ প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক মো. আশিফ ও মো. জিসানের পরিবারের সদস্যদের হাতে এই সহায়তার চেক তুলে দেন মন্ত্রী।
চেক হস্তান্তরকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার সবসময় শ্রমজীবী মানুষের পাশে রয়েছে। অগ্নিকাণ্ডের এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সরকার এই অসহায় পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতা চালিয়ে যাবে।’
মন্ত্রী আরও বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী যদি কারো অবহেলা বা দোষ প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, ঢাকা জেলার জেলা প্রশাসক মো. রেজাউল করিম, ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালকসহ সংশ্লিষ্ট চিকিৎসকগণ।
বগুড়ায় সাড়ে ১৩ ঘণ্টার ব্যবধানে ২ নারীকে হত্যা