জয়পুরহাটে বাড়ছে ‘হামে’র প্রকোপ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পিএম

জয়পুরহাটে উদ্বেগজনক হারে হামের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে  হামের উপসর্গ নিয়ে ৬ রোগী জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে এই হাসপাতালে হামে আক্রান্ত  ১৬ রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, জয়পুরহাটের বিভিন্ন উপজেলা থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ৭৪ জন। এর মধ্যে অনেকেই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।  তবে সম্প্রতি নতুন করে রোগী বাড়ায় উদ্বেগ দেখা দিয়েছে।

জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে ৪৪ শয্যার একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। সেখানে রোগীদের আলাদা রেখে চিকিৎসা  দেওয়া হচ্ছে। যাতে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে।

হাসপাতালে ভর্তি শিশুদের অভিভাবক জানায়, তাদের সন্তানদের হামের উপসর্গ দেখা দেওয়া দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চিকিৎসক ও নার্সরা যথাযথ সেবা দিচ্ছেন।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোছা. লিপি আক্তার বলেন, হামে আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। আমরা সার্বক্ষণিক তাদের পর্যবেক্ষণে রাখছি এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সতর্কতা অনুসরণ করা হচ্ছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. আল মামুন বলেন, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মনিটরিং করছি এবং টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে। এ পর্যন্ত চিকিৎসা নেওয়া ৭৪ জনের মধ্যে তিনজনের রিপোর্ট পজেটিভ এসেছে। আর ৪০ জনের রিপোর্ট এখনো আসেনি।

তিনি বলেন, হাম রোগীর জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে আমরা এক্সট্রা আইসোলেশন ওয়ার্ড খুলেছি। উপজেলার হাসপাতালগুলোতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত জয়পুরহাটে হামে আক্রান্ত কোন রোগী মারা যায়নি। জেলার বিভিন্ন এলাকায় ভিটামিন এ ক্যাপসুল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত