রাজশাহী মহানগরীতে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শাহিনুর ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভরট্ট শিবনগর গ্রামের মোজ্জামেল হকের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর সিটিটিসি ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় বক্ষব্যাধি (আইডি) হাসপাতালের সামনে পুকুরপাড় এলাকায় এক ব্যক্তি নিজেকে ডিজিএফআই-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রভাব বিস্তার ও অসদাচরণ করছিলেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র প্রদর্শন করেন। তবে তার কথাবার্তায় অসংগতি ধরা পড়লে একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটক করা হয়।
তল্লাশির সময় তার মানিব্যাগ থেকে দুটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। এর একটিতে ‘অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিজিএফআই’ এবং অন্যটিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ডিজিএফআই’ উল্লেখ ছিল। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণা করে আসছিলেন। বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপন করে গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করতেন এবং সেগুলো নিজের মোবাইলে সংরক্ষণ করতেন।
জব্দকৃত মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন নারীর অশালীন ছবি ও ভিডিও পাওয়া গেছে বলেও জানায় পুলিশ। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে রাজপাড়া থানায় পর্নোগ্রাফি আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
হুড়োহুড়িতে সিঁড়িতে পড়ে গেলেন শিরীন শারমিন চৌধুরী