সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪৬ এএম

নিজেদের জমানো টাকা ফেরত পাওয়ার দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকশ গ্রাহক। দীর্ঘদিন ধরে আমানত ফেরত না পেয়ে গতকাল মঙ্গলবার তারা ক্ষোভ প্রকাশ করেন। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে একীভূত হওয়া ব্যাংকটির গ্রাহকরা জমা রাখা টাকা থেকে নির্ধারিত পরিমাণের চেয়ে শুধু অসুস্থ রোগীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। এ জন্য ব্যাংকের প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক বলেন, কোনো গ্রাহক অসুস্থ থাকলে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে নিজ নিজ ব্যাংক থেকে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এর বেশি অর্থের প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। তবে গ্রাহক সত্যিই অসুস্থ কি না, তা যাচাই-বাছাই করা হবে। পাশাপাশি কেউ টাকা তুলতে না পারলে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানাতে পারবেন বলে তিনি জানিয়েছেন।

শাহরিয়ার সিদ্দিকি জানান, গ্রাহকরা ইতিমধ্যে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন। তিনি আরও কিছুটা সময় ধৈর্য ধরার আহ্বান জানান। সবাই ধাপে ধাপে টাকা পাবেন। সরকার যেভাবে আমানত সরবরাহ করছে, সেই অনুপাতে অর্থ ছাড় করা হচ্ছে। শুরুতে ২ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

এদিকে জমানো টাকা ফেরত পাওয়ার দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকশ গ্রাহক। কারও চিকিৎসার খরচ, কারও মেয়ের বিয়ের সঞ্চয়, আবার কারও সারা জীবনের উপার্জন সবই আটকে আছে ব্যাংকে। মাসের পর মাস ঘুরেও কাক্সিক্ষত অর্থ না পেয়ে হতাশ গ্রাহকরা শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সামনে জড়ো হন। তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে লেনদেন স্বাভাবিক না থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। ২০২৪ ও ২০২৫ সালের জন্য একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের মুনাফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এই সিদ্ধান্ত বাতিলের দাবিও জানিয়েছেন আমানতকারীরা। একই সঙ্গে দ্রুত লেনদেন স্বাভাবিক করারও দাবি জানান তারা।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত